খুলনা

চাঁদাবাজি, নির্যাতন বা প্রভাব বিস্তার করতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, “কোনো সালিস বাণিজ্য, জুলুম, নির্যাতন, নিপীড়ন করা যাবে না। চাঁদাবাজি করা যাবে না। কেউ মাস্তানি বা দাপট দেখাতে চাইলেও বিএনপি করা যাবে না।”

শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা-দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “মাদক ও জুয়া বন্ধ করতে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করা হচ্ছে। কিন্তু আজকের সমাবেশে গ্রুপিং করে কেউ কেউ অসহযোগিতা করছেন।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের মধ্যে কোনো গ্রুপিং করা যাবে না। দল এখন ক্ষমতায়, তাই বিএনপি করার লোকের অভাব হবে না। দলের মধ্যে থেকে বেইমানি করা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে আমার সাথে থেকেও যারা বেইমানি করেছেন, আমি তাঁদের চিনি। তাঁরা আমার কাছে কখনও প্রশ্রয় পাবেন না।”

রাশেদ খান আরও বলেন, “আপনারা গ্রুপিং করলে লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগ বুঝে ফায়দা লুটবে।” তিনি গ্রুপিংয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি কোনো বিভাজন চাই না, চাই একতা। আগামী স্থানীয় সরকার নির্বাচনে গ্রুপিং থাকলে আপনারা ও দল ক্ষতিগ্রস্ত হবে—এমনটা হতে দেওয়া হবে না।”

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ড. নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 


সম্পর্কিত খবর