ঢাকা

মনোহরদীতে কাল খতমে নবুওয়াত মহাসম্মেলন, আসছেন হেফাজত আমীর বাবুনগরী ও স্বাস্থ্যমন্ত্রী বকুল

নরসিংদীর মনোহরদীতে শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুওয়াত মহাসম্মেলন। এ সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় প্রেস ব্রিফিং করেছে খতমে নবুওয়াত বাস্তবায়ন কমিটি বাংলাদেশ।

প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোহরদী সরকারি কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর। এতে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী। পাশাপাশি দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা শওকত আলী কাসেমী, সদস্য সচিব মাওলানা সফিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা তালহা বিন ফখরুদ্দীন, বাঘবের মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল্লাহ, অর্থ সচিব হাফেজ মুহাম্মদ আব্দুস সাত্তার, মাওলানা আলী হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মাহমুদ ও মাওলানা শাখাওয়াতসহ অন্যরা।

ব্রিফিংয়ে আয়োজকরা মহাসম্মেলনের উদ্দেশ্য, প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। সম্মেলন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

 


সম্পর্কিত খবর