রাজশাহী

জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলিম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান দিয়েছেন সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ সরদার আবদুল আলিম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর চারমাথা এলাকায় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ অনুদান হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর দায়িত্বশীলদের সঙ্গে পূজার আয়োজন, ধর্মীয় সম্প্রীতি ও এলাকায় সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় নূর মোহাম্মদ সরদার আবদুল আলিম বলেন, "শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জামালপুর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে সামান্য অনুদান দেওয়ার চেষ্টা করেছি। পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক—এটাই আমার প্রত্যাশা।"

তিনি আরও বলেন, "আমি নির্বাচিত হই বা না হই, জামালপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ থাকবে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।"

অনুষ্ঠানে ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর