ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে দিনব্যাপী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সভায় বিভিন্ন পর্যায়ের ঋণগ্রহীতা ও সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ঋণগ্রহীতাদের ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি, সঞ্চয় সংস্কৃতি এবং ঋণ ব্যবহারে জবাবদিহিতা বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রুহল আমিন জানান, “এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ করে গড়ে তোলা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, “সরকারের দেওয়া ক্ষুদ্রঋণ যথাযথভাবে কাজে লাগাতে পারলে স্বনির্ভরতা অর্জন ও অর্থনৈতিক উন্নয়ন সহজ হবে।”