জাতীয়

নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট; চলাচলে দূর্ঘটনার আশংকা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজার সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায়, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাসার সামনে অবস্থিত একটি পুরাতন কালভার্ট বর্তমানে ভেঙে পড়ার উপক্রম। প্রতিদিন এই কালভার্ট দিয়ে হাজারো মানুষ বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রুগী ও সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, নাগরপুর মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান ও বাজারমুখী জনসাধারণের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। বিকল্প কোনো সহজ রাস্তাও না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই কালভার্ট দিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় রয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় কেউ যেন অসতর্কভাবে চলাচল না করে, সে জন্য এলাকাবাসী সতর্কতামূলক বার্তা কাপড় ঝুলিয়ে দিয়েছেন কালভার্টের দুপাশে। তবে সাইনবোর্ড কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কালভার্টটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী বলেন, “বিষয়টি আমি অবগত আছি। খুব শিগগিরই ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবো, যাতে দ্রুত কালভার্টটি সংস্কার করা যায়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর