খুলনা

ঝিনাইদহে মহাসড়কে শিশু হত্যা: শনাক্ত হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত রায়হান

ঝিনাইদহ শহরের তামান্না পার্ক এলাকায় এক যুবকের বেপরোয়া মোটরসাইকেল চালনায় রিক্তা খাতুন নামের ২০ মাস বয়সী এক শিশুর প্রাণ গেছে। এই ঘটনায় অভিযুক্ত রায়হান ও তার স্ত্রী জ্যোতিকে শনাক্ত করা গেলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের তামান্না পার্ক এলাকায় চরমুরারীদহ গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের স্ত্রী তার ২০ মাস বয়সী কন্যাসু শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় শৈলকুপার দুধসর গ্রামের রানা জোয়ার্দারের ছেলে রায়হান তার স্ত্রী জ্যোতি খাতুনকে নিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গল্প করতে করতে শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে তারা শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঝিনাইদহ থেকে ফরিদপুরে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। বেপরোয়া গতি ও মোটরসাইকেলে গল্প করার কারণে শিশু নিহতের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা গেলেও তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

নিহতের পিতা প্রবাসী রেজাউল ইসলাম বলেন, "আমার ছোট্ট শিশুটিকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে হত্যা করার পরও বখাটে রায়হান এখনো আটক হয়নি। আমি আমার শিশু হত্যার বিচার চাই।"

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, "শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।"

 


সম্পর্কিত খবর