খুলনা

কালিগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশ দুদিনে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত দুদিনের ব্যবধানে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নাশকতা ও সহিংসতা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার রায়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, বনখির্দ্দা গ্রামের ফারুক হোসেন; কৃষক লীগ নেতা, দুলালমুন্দিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৫) এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক, দুলালমুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ। এ ছাড়া মালিয়াট ইউনিয়নের যুবলীগের কর্মী রবিউল ইসলাম টিপু (৪৬), শিমলা রোকনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, পাতবিলা গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫), ত্রিলোচনপুর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি, বালিয়াডাঙ্গা গ্রামের সোহাগ হোসেন (৪০), কালিগঞ্জ পৌর ছাত্রলীগ কর্মী, মধুগঞ্জ ঢাকলপাড়ার ইরফান রাজা রুকু (২৫) এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি, ঝনঝনিয়া গ্রামের এস এম মনিরুল ইসলাম (৩১)। পুলিশ জানিয়েছে, থানার তদন্তাধীন মামলার আরও ৪-৫ জনকে আটক করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুদিনে পুলিশ এই থানায় বিভিন্ন সময়ে দায়ের করা সন্ত্রাস, নাশকতা ও তদন্তাধীন মামলার এজাহারভুক্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।



সম্পর্কিত খবর