যুগের পর যুগ ধরে আমাদের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে একটি খাবার। আর সেটি হচ্ছে ডিম। বিশেষ করে নারীদের ক্ষেত্রে জীবনের বিভিন্ন ধাপে শরীরের পুষ্টির চাহিদা বদলায় এবং সেই চাহিদা পূরণে ডিম এক অনন্য ভূমিকা পালন করে। এই খাবার শুধু সহজলভ্য বা সাশ্রয়ী নয়, বরং পুষ্টিগুণের দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ।
নিয়মিত ডিম খাওয়া নারীদের শারীরিক শক্তি, মানসিক স্থিরতা এবং দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। স্বাস্থ্যরক্ষায় ডিমের গুরুত্ব
নারীদের চোখের স্বাস্থ্যরক্ষায় ডিম একটি গুরুত্বপূর্ণ খাবার। ডিমের কুসুমে থাকা লুটেইন ও জেক্সানথিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট চোখের রেটিনায় জমা হয় এবং বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে। যারা দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করেন বা পড়াশোনা করেন, তাদের জন্য ডিম চোখের ক্লান্তি কমাতে ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক।
নারীদের স্বাস্থ্যের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে হরমোনের ভারসাম্য। মাসিক চক্র, উর্বরতা, গর্ভধারণ কিংবা মেনোপজ—সব ক্ষেত্রেই হরমোনের সঠিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিমে থাকা কোলিন, ভিটামিন বি১২, ফোলেট এবং স্বাস্থ্যকর ফ্যাট হরমোন উৎপাদনে সহায়তা করে। এর ফলে মাসিক অনিয়ম কমতে পারে এবং প্রজনন স্বাস্থ্যের উন্নতি হয়।
ভবিষ্যতে মাতৃত্বের পরিকল্পনা করছেন, এমন নারীদের খাদ্যতালিকায় ডিম রাখা বিশেষভাবে উপকারী।
পেশির শক্তি পুনরুদ্ধারের ক্ষেত্রেও ডিমের ভূমিকা অনস্বীকার্য। নারীরা বয়স বাড়ার সঙ্গে ধীরে পেশির ভর হারাতে শুরু করেন। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং শরীরচর্চা বা দৈনন্দিন পরিশ্রমের পরে দ্রুত পেশি পুনরুদ্ধারে সহায়তা করে। এর পাশাপাশি ডিমে থাকা ভিটামিন ডি পেশির কার্যকারিতা উন্নত করে এবং শরীরকে আরো সক্রিয় রাখে।