গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফান উদ্দিন।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবাগত ইউএনও বলেন, জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ কার্যকর অবদান রাখবে। এ সময় তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসাইন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আছমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব ও সুজিত কুমার চক্রবর্তী, সহসভাপতি আব্দুল কাদের সেন্টু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান পনি ও তাকিউল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ঘোপ, জিয়া চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, রাকিব চৌধুরী, তোফাজ্জল মিয়া, ইয়াসিন চৌধুরী ও ইমরান ভূঁইয়া।
সভায় সাংবাদিকেরা উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় নবাগত ইউএনওর সামনে তুলে ধরেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।
নবাগত ইউএনও সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।