ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে নির্ধারিত বাসভবন নির্মাণস্থলে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা সহকারী প্রকৌশলী ইসহাক মিয়া ও সহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর ইউএনওর সরকারি বাসভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট মহলে বিষয়টি গুরুত্ব পেয়েছে। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আবাসনসংক্রান্ত চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।