রাজশাহী

নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে নাটোর এনএসআই ক্যাম্পের একটি টহল দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আটক শামীম রাণীনগর উপজেলার চকমুনু গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং তিনি নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সহ-সভাপতি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, মাদক বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর এনএসআই ক্যাম্পের একটি টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শামীম হোসেনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় এনএসআইয়ের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এমরান হোসেন জানান, শামীম জেলা কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর