ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভূল্লী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজনের তৎপরতায় পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন ভুল্লি উপজেলার কচুবাড়ী গ্রামের রনজিত রায়, একই গ্রামের নুপুর রায়, পায়েল কৃষ্ণ ব্রহ্মচারী, ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার। তাঁরা সবাই সনাতনী ধর্মাবলম্বী। এ ছাড়া ইসকন ধর্মাবলম্বী আহত ব্যক্তিরা হলেন আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের জিতেন্দ্র নাথ, চম্পা রানী, দক্ষনাথ রায় এবং সোহাগ রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীরা প্রতিমা স্থাপন করতে গেলে ইসকন ধর্মাবলম্বীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাতে বাধা সৃষ্টি করেন এবং অতর্কিত হামলা চালান। এতে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে ওই ৯ জন আহত হন।
উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের আধিপত্যকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয় এবং একজন নিহত হন। এরপর থেকে প্রায় ১৫ বছর ওই মন্দিরে পূজার সময় ১৪৪ ধারা জারি থাকত। তবে প্রশাসনের হস্তক্ষেপে গত বছর মন্দিরটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা শুরুর আগেই দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরাজমান এ পরিস্থিতিতে পূজা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।