চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ছাত্রশিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

২২ আগস্ট শনিবার রাত সাড় ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাড়ইচাতল গ্রামের একটি অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন বাড়ইচাতল গ্রামের হোসেন মাস্টারবাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজীবাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।

স্থানীয় বাসিন্দারা জানান, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন মুখোশধারী তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। ফলে মোটরসাইকেলে থাকা ৩ জনই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান জানান, দুজনের শরীরে সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর