জাতীয়

পিতার আসন পুনরুদ্ধারে মাঠে কাজী নাজমুল হোসেন তাপস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন পুনরুদ্ধারে মাঠে নেমেছেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। এক সময় তার পিতা, বীরমুক্তিযোদ্ধা কাজী মো. আনোয়ার হোসেনের চারবারের জয়ী আসনটি আবারও ধানের শীষের দখলে আনাই তার মূল লক্ষ্য।
 
১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালে জাতীয় পার্টি এবং ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী মো. আনোয়ার হোসেন। তার মৃত্যু হয় ২০১৭ সালে। এরপর দলের হাল ধরেন পুত্র কাজী নাজমুল হোসেন তাপস। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নবীনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
 
তাপস বলেন, “আমার বাবা একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। নবীনগরবাসী তাকে চারবার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আজ আমি সেই হারানো আসন পুনরুদ্ধার করতেই মাঠে নেমেছি। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের বিজয় নিয়েই ঘরে ফিরবো।”
 
তিনি আরও বলেন, “ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
 
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সায়েদ ও হযরত আলীসহ দলীয় অনেক নেতাকর্মীই তাপসের প্রার্থিতাকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে মনে করছেন। তাদের মতে, এই মুহূর্তে জাতীয়তাবাদী দলকে শক্ত অবস্থানে ফেরাতে তাপসের বিকল্প ভাবার সুযোগ নেই।
 
সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন মাইনু বলেন, “তাপস তার বাবার মতোই গ্রামে-গঞ্জে, হাট-বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার পরিচ্ছন্ন ও দায়িত্বশীল রাজনীতি নবীনগরবাসীর মধ্যে আলাদা আস্থা তৈরি করেছে।”
 
তাপসের প্রতি আস্থা জানিয়ে উপজেলা যুবদল, ছাত্রদল, জিয়া মঞ্চসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “তিনি সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিচ্ছি।”
 
সাধারণ মানুষের সাথেও কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কাজী নাজমুল হোসেন তাপসই এই আসনে সবচেয়ে জনপ্রিয়। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নিবেদিত নেতৃত্ব তাকে এগিয়ে রেখেছে। অনেকেই আশা করছেন, বিএনপির হাইকমান্ডও তাপসের হাতেই ধানের শীষ প্রতীক তুলে দেবেন।


সম্পর্কিত খবর