পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মো. হুমায়ুন কবির।
গত রোববার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোশাররফ হোসেনের দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায় এবং স্বর্ণালংকার ও বোনের বিয়ের জন্য রাখা নগদ টাকাসহ মালামাল ভস্মীভূত হয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই হুমায়ুন কবির সরেজমিনে ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা হিসেবে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় হুমায়ুন কবির বলেন, “বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই মানবতার ধর্ম।” তাঁর এ উদ্যোগকে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সাবেক এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন। তিনি মোশাররফ হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁর পরিস্থিতির বিষয়ে জানতে চান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরবর্তীতে তাঁর নির্দেশনায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধিদলের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্দশার কথা শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।