চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার, সরঞ্জামসহ মোটরসাইকেল জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে মাটিরাঙা থানা-পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে পুলিশ সূত্রে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

উপজেলার স্থানীয় বার্তাবাহকদের তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন (২৪); একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬); খেদাছড়া খালেক লিডার পাড়া এলাকার মো. আব্দুল হালিমের ছেলে মো. আবু মুছা (২৭) এবং মাটিরাঙা পৌরসভার পলাশপুর এলাকার মো. হোসেন ইসলামের ছেলে নোমান ইসলাম রাব্বি (১৯)।

এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২টি চাকু ও নগদ ৫৯ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ভুজপুর বাগান বাজার এলাকার গরু ব্যবসায়ী আবু আহম্মদ ও তাঁর ছেলে মো. কামরুল হাসান হৃদয় (২২) দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। রামগড় সীমান্ত সড়ক দিয়ে গত ১২ অক্টোবর সকালে মাটিরাঙা উপজেলার তাইন্দং বাজারে যাওয়ার পথে সদর ইউনিয়নের চালিতাছড়া নামক এলাকায় ডাকাত দল তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাঁদের কাছ থেকে ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে পুলিশ মাঠে নামলে ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


সম্পর্কিত খবর