বাউফলে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুল আমীন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি রুহুল আমীন।
সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা এবং নদ-নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।