পাহাড়ে নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙা জোনের আওতাধীন এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙা সেনা জোনের আওতাধীন বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, সার্জারি, ডায়াবেটিস ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ঢাকা থেকে আসা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নাহার ডলি, সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন রাফিউল এবং ডায়াবেটিস ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
মাটিরাঙা সেনা জোনের উদ্যোগে পৌরসভা, সদর ইউনিয়ন এবং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার অসহায় ও দুস্থ প্রায় ৭ শতাধিক পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শসহ ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি; মাটিরাঙা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর মো. সামিউল হকসহ পদস্থ সামরিক কর্মকর্তা, বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসা রোগী এবং গণমাধ্যমকর্মীরা।
মাটিরাঙা সেনা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্বের অংশ। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।”