বরিশাল

বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

পটুয়াখালীর বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাউফল উপজেলার কেশবপুর মহাবিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

কেশবপুর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ফারুক আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, মাদকের বিস্তার রোধ, অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।

সভায় অন্য বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ, আইনের শাসন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

 


সম্পর্কিত খবর