ঝিনাইদহে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ভবিষ্যতেও ঝিনাইদহের সার্বিক উন্নয়ন ও সামাজিক ব্যাধি দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।