দেশের খবর

মনোহরদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, মুখ মন্ডল বিকৃত

নরসিংদীর মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এই রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
 
নিহতের নাম অহিদুজ্জামান (৫০)। তিনি স্থানীয় আব্দুল গফুর মৌলভীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পারভীন নামের এক নারী বিকেলে লটকান পাড়তে গিয়ে একটি গাছের নিচে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে মনোহরদী থানায় খবর দেন।
 
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের ছেলে মো. জাহিদুল ইসলাম জানান, তার বাবা গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহের পাশে পড়ে থাকা জুতা ও কাপড় দেখে তিনি তার বাবার মরদেহ হিসেবে শনাক্ত করেন। তিনি দাবি করেন, তার বাবার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তবে এটি আত্মহত্যা, না পরিকল্পিত হত্যা, সে বিষয়ে তারা কিছু জানেন না।
 
ঘটনাস্থলে পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, মনোহরদী-শিবপুর সার্কেলের এএসপি রায়হান সরকার এবং মনোহরদী থানার ওসি আবদুল জব্বার।
 
ওসি আবদুল জব্বার বলেন, “মরদেহটির মুখমণ্ডল বিকৃত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
এখন পর্যন্ত মৃত্যুর বিষয়টি ঘিরে রহস্য বজায় রয়েছে। পুলিশ বলছে, সব দিক মাথায় রেখে তদন্ত চলছে।


সম্পর্কিত খবর