যশোরের মণিরামপুর উপজেলায় দিনের বেলায় অস্ত্রের মুখে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান 'নগদ'-এর ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কুয়াদা জামতলায় দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এ ছিনতাই চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেছেন।
'নগদ'-এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্টস অফিসার কাজী মোমিনুল ইসলাম একটি প্রাইভেটকারে করে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুরে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা যশোর-চুকনগর সড়কের কুয়াদা জামতলায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের গাড়ির সামনে এসে বাধা দেয়। এ সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় তারা আর এগোতে পারেননি। এরপর চার অস্ত্রধারী দুর্বৃত্ত প্রাইভেটকারের জানালা ভেঙে 'নগদ'কর্মীদের আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
তারা জরুরি সেবা ৯৯৯-এ কল করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মণিরামপুর থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন।
মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, "খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে 'নগদ'-এর কর্মীদের কথা অসংলগ্ন মনে হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।"