ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা গাজীপুর মহানগর এলাকায় একটি লেন অনানুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয়। একই সঙ্গে গাজীপুর বাসস্ট্যান্ড শিববাড়ী এলাকা থেকে ঢাকা মুখী লেনটিও অনানুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরটি প্রকল্পের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মিত ফ্লাইওভারের ময়মনসিংহ মুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী সব যানবাহন এই লেন ব্যবহার করে ভোগড়া ও চান্দনা চৌরাস্তার দীর্ঘ যানজট এড়িয়ে চলাচল করতে পারবে।
একই সঙ্গে ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা থেকে জয়দেবপুরগামী যানবাহন চন্দনা চৌরাস্তার যানজট এড়িয়ে জয়দেবপুরের দিকে যেতে পারবে।
এ ছাড়া জয়দেবপুর থেকে ঢাকার দিকেও চলাচলের ক্ষেত্রে এই ফ্লাইওভারের লেন ব্যবহার করা যাবে।
গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার ট্রাফিক মোঃ আলমগীর হোসেন জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মুখী একটি লেন যোগাযোগ মন্ত্রী মহোদয়ের মৌখিক নির্দেশে গত মঙ্গলবার (৫ মার্চ) সকালে এই ফ্লাইওভার উদ্বোধনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, এই ফ্লাইওভার নির্মাণকাজ চলার কারণে দীর্ঘদিন ধরে ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনটি যান চলাচলের জন্য বন্ধ ছিলো। এ কারণে ঢাকা থেকে সব যানবাহনকে নাওজোর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে ময়মনসিংহ ও গাজীপুরের জয়দেবপুর রোডে চলাচল করতে হতো। এই দুর্ভোগ থেকে বাঁচার উর্ধ্বে ফ্লাইওভারের একটি লেন খুলে দেওয়া হলো।