জাতীয়

শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার, দুদকে অভিযোগ

নরসিংদীর শিবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হেফাজতে থাকা ৫২ লাখ টাকা গোপনে সরিয়ে রাখার ঘটনায় বড় ধরনের চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে শিবপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
 
শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে অভিযান চালিয়ে প্রকল্প অফিসের অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিনের (৩১) নিজ বাসা থেকে উদ্ধার করা হয় এই টাকা। এ ঘটনায় দায়েরকৃত অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, পূর্বে হস্তান্তরিত সরকারি অর্থের অনিয়মের বিষয়ে অভিযোগের ভিত্তিতে মনোহরদী পৌরসভার নামাপাড়া চন্দনবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে অফিস সহকারী তুহিন এবং একই উপজেলার খড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আশিক ভূইয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করেন, সরকারি ওই অর্থ তার নিজ বাসায় গোপনে রাখা রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে উদ্ধার করে ৫২ লাখ টাকা।
 
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। উদ্ধার করা অর্থ প্রাথমিকভাবে সরকারি প্রকল্পের বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানানো হয়েছে।”
 
এ ঘটনায় শিবপুর উপজেলাসহ জেলার প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে—কীভাবে এত বড় অংকের অর্থ প্রকল্প অফিস থেকে গোপনে সরিয়ে নেওয়া হলো?


সম্পর্কিত খবর