দেশের খবর

শেরপুরে লিচুর বিচি গলায় আটকে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়া গোপ গ্রামে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রবিউল লিচু খাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত লিচুর বিচি গিলে ফেলে সে। বিচি গলায় আটকে গেলে শিশুটি শ্বাসরোধের শিকার হয় এবং ছটফট করতে থাকে। বিষয়টি দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিচি বের করার চেষ্টা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করা সম্ভব হয়নি।

পরিস্থিতির অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন আহমেদ নূর শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, ছোট শিশুরা যাতে খাবারের সময় সাবধান থাকে, সে বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি।



সম্পর্কিত খবর