দেশের খবর

শ্রমিকদের টাকায় যারা ভাগ বসায়, তারা সবচেয়ে বড় ভিক্ষুক : রেজাউল করিম

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শ্রমিকদের টাকায় যারা ভাগ বসায়, তারা সবচেয়ে বড় কুলাঙ্গার, তারা সবচেয়ে বড় ভিক্ষুক। রাজনীতির নামে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে। যারা শ্রমিকদের অর্জিত টাকার উপর চাঁদাবাজি মাস্তানি করে, তাদের হাত ভেঙ্গে দিতে হবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

রেজাউল করিম বলেন, বাংলাদেশে জামায়াত শ্রমবান্ধব সমাজ গড়তে তুলে চায়। তাই আসুন আমরা শ্রমিকদের মর্যাদা এবং অধিকার ফিরিয়ে আনতে কাজ করি। আমরা ইসলামিক শ্রমনীতি চালু করতে চাই।

তিনি আরও বলেন, শ্রমিকদের অবহেলা করা যাবেনা। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার সাথে বহু শ্রমিক অংশ নিয়েছে। অনেকে জীবন দিয়েছে, আহত হয়েছে। বিগত ফ্যাসিষ্টদের পাচার হওয়া অর্থ ফেরত এনে শ্রমিকদের মাঝে বিতরণ করার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর