মঙ্গলবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষকদের দক্ষ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস--২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এই কংগ্রেস এর আয়োজন করা হয়। ১৭ জুন সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সরিষাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহের স্বাগত বক্তব্য এবং তার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ী জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা। উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। বাংলাদেশ জামাতে ইসলামি সরিষাবাড়ী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলালসহ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই প্রোগ্রামের মাধ্যমে উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষ আবাদে উদ্বুদ্ধ করা হয়। সেই সাথে কৃষকদের মাঝে উন্নত কৃষি চর্চা, উচ্চ ফলনশীল ধানের জাত উন্নত মানের উদ্যোক্তা তৈরী এবং কৃষকের দক্ষতা উৎপাদনশীলতা বাড়াতে 'পার্টনার' প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার বিষয়ে আলোচনা করা হয় এবং কৃষকদের মাঝে একটি করে নিম গাছের চারা বিতরণ করা হয়।