জামালপুরের সরিষাবাড়ী উপজেলাধীন মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পশ্চিম পাড়ার মৃত আঃ খালেকের ছেলে সুলতান মিয়ার বিরুদ্ধে সরকারি রাস্তাসহ গাছ কাটার অভিযোগ ওঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সুলতান মিয়া ও তার অনুসারীরা বেশ কয়েক বছর আগে থেকেই মাটিয়াজানি পশ্চিম পাড়া তেঁতুলতলা বঙ্গবন্ধু চত্বরের তেঁতুল গাছটি কাটার জন্য ওঠেপড়ে লেগেছে। স্থানীয় মেছের আলী, মমিরন, ফরহাদ আলী ও জাফর আলী জানান, কিছুদিন আগে সুলতান মিয়া রাতের অন্ধকারে ভাড়াটে লোক নিয়ে তেঁতুল গাছটি কাটার চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা গাছ কাটার যন্ত্রপাতি ফেলেই পালিয়ে যায়। পরে স্থানীয় উদ্যোগে তেঁতুল গাছটি রক্ষার্থে চারদিক ঘিরে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এরপর সুলতান মিয়া সুযোগ বুঝে এক রাতে তেঁতুল গাছটি বিনষ্ট করার জন্য তাতে আগুন ধরিয়ে দেয়। তখন এলাকাবাসী জড়ো হয়ে আগুন নেভান। এ বিষয়ে স্থানীয় রফিকুল ইসলাম এলাকাবাসীর পক্ষে গত বছরের ৭ মার্চ সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৯ মার্চ জেলা প্রশাসক, জামালপুর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি মহাদান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জুলহাস উদ্দিন বিগত ২৪ জুলাই/২৩ সরিষাবাড়ী থানায় একটি জিডিও করেছেন। জিডি নং- ১১৯৫। এর প্রেক্ষিতে সুলতান মিয়ার মা রওশনারা বেগম গত বছরের ৬ আগস্ট সরিষাবাড়ী থানায় জিল্লুর রহমানকে প্রধান আসামী করে ১২ জন আরও ১০/১২ জন অজ্ঞাতসহ মোট ২৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২। এছাড়া সম্প্রতি সুলতান মিয়া মাটিয়াজানি-ফুলদহ রাস্তা ও তেঁতুলতলা বঙ্গবন্ধু চত্বর-আব্দুল হাই-এর বাড়ির রাস্তার অন্তত ৩০ টি গাছ ও রাস্তা কেটেছে মর্মে অভিযোগ ওঠেছে। সঙ্গত কারণেই সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে- সরকারি রাস্তা ও গাছ কাটার বিধান কোনো আইনে আছে কী না? বিষয়টি স্থানীয় সরকার, ভূমি, বন ও পরিবেশসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা। অন্যথায় যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সুলতান মিয়া মাটিয়াজানি-ফুলদহ রাস্তার তেঁতুলতলা বঙ্গবন্ধু চত্বর হতে মাটিয়াজানি হাছেনের মোড় পর্যন্ত সরকারি রাস্তার উত্তর পার্শ্বের ১৬ টি এবং তেঁতুলতলা বঙ্গবন্ধু চত্বর হতে আব্দুল হাই-এর বাড়ি পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বের ১৩ টিসহ অন্তত ৩০ টি (ইউক্যালিপ্টাস, মেহগনি, আম ও কাঁঠাল) গাছ ও রাস্তা কাটার অভিযোগের চাক্ষুস প্রমাণ মিলেছে। এ বিষয়ে জানতে সুলতান মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি। তবে তার মা রওশনারা বেগম, ফুফু ফুলজান বেগম ও ফুফাত ভাই হযরত আলীর সাথে কথা হয়। তারা গাছ ও রাস্তা কাটার বিষয়টি স্বীকার করেছেন। কারণ জানতে চাইলে তারা জানান, ওই রাস্তা দুটি তাদের জমির মধ্যে। তাই রাস্তা ও গাছ কেটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জুলহাস উদ্দিন জানান, গাছটি রক্ষার জন্য তিনি একটি জিডি করেছেন। তারপরও সুলতান মিয়া সরকারি রাস্তা ও রাস্তার গাছ কেটে শাস্তিযোগ্য অপরাধ করেছে। এজন্য তিনি সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের নিকট যথাযথ পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছেন। ইউপি চেয়্যারম্যান আনিছুর রহমান জুয়েল ভূমি দপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের নিকট রাস্তার সীমানা নির্ধারনপূর্বক সমস্যা সমাধানের অনুরোধ জানান। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার কথা জানান। সচেতন মহলের প্রশ্ন- সরকারি রাস্তা ও রাস্তার গাছ কাটার বিধান কোনো আইনে আছে কি না? স্থানীয় প্রবীণদের মন্তব্য- সবাই যদি নিজেদের ইচ্ছামত সরকারি রাস্তা ও রাস্তার গাছ কাটে তাহলে তো কোন রাস্তা ও রাস্তার গাছই থাকবে না। বিষয়টি স্থানীয় সরকার, ভূমি, বন ও পরিবেশসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা। অন্যথায় যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয়রা।