নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনবাণীর সাংবাদিক শহিদকে প্রকাশ্যে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের বিষয়ে একাধিক ভুক্তভোগী বিভিন্ন সময়ে থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেছেন।
বক্তারা জানান, গত ৬ সেপ্টেম্বর মারজাহান বেগম নামে এক নারী কবিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে আব্দুল কাদের জসিম তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। পরে বিরোধ নিষ্পত্তি না করে ওই টাকা আত্মসাৎ করা হয়। টাকা ফেরত চাইলে তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন ওই নারী।
এ ঘটনায় সাংবাদিক মোহাম্মদ শহিদ তাঁর কর্মরত প্রতিষ্ঠান দৈনিক জনবাণীর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করেন। এরপর আব্দুল কাদের জসিম প্রকাশ্যে সাংবাদিক শহিদকে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেন। এমনকি মানববন্ধনের আগে বিভিন্ন মাধ্যমে সাংবাদিক মোহাম্মদ শহিদকে মানববন্ধন না করতেও হুমকি দেওয়া হয়েছে।
মানববন্ধন থেকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান সাংবাদিকেরা।
এদিকে সাংবাদিক মোহাম্মদ শহিদ বলেন, "বিএনপি নেতা আব্দুল কাদের জসিমের মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। তাঁর বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার পর থেকে জসিম ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা আমি ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। এ ছাড়া সম্মানহানি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন জসিম ও তার লোকজন।"
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জানান, আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।