সাংবাদিকরা নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্র বা কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে তাদের একটি ওয়েসসাইটে প্রবেশ করতে হবে। সোমবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় নির্বাচন কমিশন (ইসি) বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশে বিধিনিষেধ রয়েছে এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটার ও নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। গণমাধ্যমকর্মীদের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত “নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫" রয়েছে; যা মেনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হবে। এতে বলা হয়, সংবাদ সংগ্রহে ইচ্ছুক সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর জন্য নির্বাচন কমিশন হতে ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। সারাদেশের সাংবাদিকদের উক্ত পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দাখিলকৃত আবেদনসমূহ যাচাই-বাছাই করে অনুমোদন করার পর আবেদনকারী সাংবাদিক অনলাইন হতে কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করে মুদ্রণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাস্থ কেন্দ্রীয় সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা হতে এবং সারাদেশের স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত অনলাইন আবেদনসমূহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তাঁর কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অনুমোদন করবেন। এ জন্য ইতোমধ্যে পোর্টালে রিটার্নিং অফিসারদের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করা হয়েছে। এতে আরও বলা হয়, সাধারণত দৈনিক, সাপ্তাহিক, ইলেকট্রনিক গণমাধ্যম যেমন-রেডিও, টেলিভিশন, সরকার অনুমোদিত অনলাইন নিউজ এজেন্সি, আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল ও নিউজ এজেন্সির সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হয়। এদের মধ্যে যেসব পত্রিকার নাম চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মিডিয়া লিস্টে রয়েছে; এছাড়াও দৈনিক পত্রিকার নিবন্ধন রয়েছে এবং নিয়মিত প্রকাশিত হয় সেসব পত্রিকার সাংবাদিকদের অনলাইনে দাখিলকৃত আবেদনের সাথে সংযুক্ত তথ্যাদি যাচাই-বাছাই করে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার অনুমোদন করতে হবে।
*বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহে ইচ্ছুক সাংবাদিকদের আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত https://pr.ecs.gov.bd/ পোর্টালে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নোক্ত ফরমেট ও সাইজ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে-
সাপোর্ট স্টাফ প্রয়োজন হলে পোর্টালে চাহিত সকল তথ্যসহ আবেদন করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন অনুমোদন করা হবে না। (ছবি ও স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করলে কার্ডে স্বাক্ষর সুন্দরভাবে প্রদর্শিত হবে। *নির্বাচনি এলাকা ও ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিম্নোক্ত নির্দেশাবলী মেনে চলতে হবে: নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন, তবে কোনক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না। একইসাথে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না; ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না; ভোটকক্ষের ভিতর হতে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না; ভোটকেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে, কোনক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাঁধার সৃষ্টি করা যাবে না; সাংবাদিকগণ ভোটগণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না; ভোটকক্ষ হতে ফেসবুকসহ কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবেনা; কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন; নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরূপ হস্তক্ষেপ করতে পারবেন না ; ভোটকেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন: কোন প্রকার নির্বাচনি উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না; নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোন ধরণের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন; নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনি আইন ও বিধিবিধান মেনে চলবেন; * নির্বাচন কমিশন/ রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে একই পদ্ধতিতে সফটওয়ারে নির্ধারিত তথ্য প্রদান পূর্বক আবেদন করলে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার প্রদান করা যাবে। * কার্ড অনুমোদনের পূর্বে রিটার্নিং অফিসারের করণীয়: প্রত্যেক অনুমোদনকারী ইউজার এডমিন প্যানেলে লগইন করার পর সাইড বারে এডমিন প্রোফাইল অপশনে ক্লিক করে বাধ্যতামূলকভাবে স্বাক্ষর সংযুক্ত করতে হবে। স্বাক্ষর অবশ্যই 300×80 pixel এর মধ্যে হতে হবে। স্বাক্ষর সংযুক্ত না করে কোন অবস্থাতেই আবেদন অনুমোদন করা যাবে না। এ সংক্রান্ত ইউজার ম্যানুয়েল সংযুক্ত করা হলো। প্রত্যেক রিটার্নিং অফিসারকে এডমিন ইউজার আইডি ও পাসওয়ার্ড ই-মেইলে ও হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। স্ব-স্ব অ্যাডমিন আইডিতে লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। এ সংক্রান্ত টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হলে অফিস সময়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এর মোবাইল নম্বরে 01715-331233 (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করা যাবে। * ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের সময় সাংবাদিকদের বিষয়ে নির্দেশনাসমূহ জানিয়ে দিতে হবে। উপরোল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
সংযুক্তি: (১) “নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫; (২) সরকার কর্তৃক অনুমোদিত গণমাধ্যম প্রতিষ্ঠানের তালিকা;
(৩) ইউজার ম্যানুয়েল ০২ পাতা।