দেশের খবর

সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে শহরের মাহমুদপুর মহল্লায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত বাবু শেখ মাহমুদপুর মহল্লার মৃত দানেজ শেখের ছেলে ও সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন বলেন, গতকাল মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তার নিকট থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় একটি মাদক মামলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর