মৌলভীবাজারের কুলাউড়া থানায় সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা এ কে এম সফি আহমদ ওরফে সলমান এবং তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন এই দাবিতে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ওরফে নাদেল। তার সঙ্গে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে দুই প্রার্থী বলেন, এতে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
স্বতন্ত্র প্রার্থী এ কে এম সফি আহমদ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। আর তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন এ আসনে দুবার সংসদ সদস্য ছিলেন। তিনি একসময় মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি ছিলেন।
৭ ডিসেম্বর বদলির আদেশ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী এ কে এম সফি আহমদ ১১ ডিসেম্বর সিইসির কাছে চিঠি দেন। তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীনের পক্ষ থেকে তার প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান ১০ ডিসেম্বর সিইসির কাছে চিঠি দেন। এর মধ্যেই ১২ ডিসেম্বর মোহাম্মদ আলী মাহমুদ কুলাউড়া থানায় যোগদান করেন।