নতুন বছর এলে রাজধানীর ভাড়াটিয়াদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বাড়িভাড়া। বছর ঘুরতে অনেক বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর নোটিশ দেন। কারো ভাড়া একবারে বাড়ছে তিন হাজার টাকা, কারো আরো বেশি। অথচ বাড়ছে না আয়। ফলে বাড়তি ভাড়া সামলাতে কেউ বাসা ছাড়ছেন, কেউ কমাচ্ছেন সংসারের অন্য খরচ। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য বলছে, গত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। রাজধানীর ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের প্রায় অর্ধেক ব্যয় করেন বাড়িভাড়ায়।
রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় পাঁচ বছর ধরে থাকতেন জিয়াউর রহমান রাসেল। গত আগস্টে তাকে নভেম্বর থেকে মাসিক ভাড়া তিন হাজার টাকা বাড়ানোর নোটিশ দেন বাড়িওয়ালা। এর আগে দুই দফায় ৫০০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছিল।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা বেতনে চাকরি করা রাসেলের পক্ষে নতুন ভাড়া দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। পুরান ঢাকার পোস্তা এলাকার বাসিন্দা ওয়াশিউর রহমানের দুশ্চিন্তাও বাড়িভাড়া নিয়ে। কারখানার যন্ত্রপাতি মেরামতের কাজ করেন তিনি। কাজ কমে যাওয়ায় আয়ও কমেছে। এর মধ্যে নতুন বছরে ভাড়া বাড়ানোর আশঙ্কায় সংসারের খরচ সামলানো নিয়ে উদ্বিগ্ন তিনি। মোহাম্মদপুরের বাসিন্দা রবিন আহমেদের অবস্থাও একই। একটি বেসরকারি ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করলেও দুই বছর ধরে তার বেতন ৪০ হাজার টাকায় অপরিবর্তিত। আগামী জানুয়ারি থেকে বাসাভাড়া তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চালের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে, সন্তানের স্কুলের বেতন বেড়েছে দেড় হাজার টাকা। সব মিলিয়ে বাড়তি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।
ক্যাবের তথ্য অনুযায়ী, ঢাকার ১২ শতাংশ ভাড়াটিয়ার আয়ের প্রায় ৭৫ শতাংশ চলে যায় বাড়িভাড়ায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে গড়ে বাড়িভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ঢাকা বিভাগে বার্ষিক বাড়িভাড়া বৃদ্ধির হার ৫ দশমিক ৪৮ শতাংশ। ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ২০০০ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন করা হলেও এখন পর্যন্ত এর বিধিমালা প্রণয়ন ও আইন বাস্তবায়নের জন্য কার্যকর কর্তৃপক্ষ গঠন করা হয়নি। ফলে বাড়িওয়ালারা অনেক ক্ষেত্রে ইচ্ছামতো ভাড়া বাড়ান। ভাড়াটিয়াদের প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত। এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে আদালতের নির্দেশনা থাকলেও সেটি কার্যকর হয়নি। ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসহ বিভিন্ন খাতেও বাড়তি খরচ বহন করতে হয়।
অন্যদিকে বাড়িওয়ালাদের দাবি, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় বেড়েছে। তাদের ভাষ্য, আগে একটি ভবন রং করতে ১৫ হাজার টাকা খরচ হলেও এখন লাগে ২৮ হাজার টাকা। এ ছাড়া পানির পাম্প, লিফটের সার্ভিসিং এবং গ্যাস-বিদ্যুতের ব্যয়ও বেড়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন কালের কণ্ঠকে বলেন, বাড়িভাড়া নিয়ে নাগরিকদের অভিযোগের বিষয়ে সিটি করপোরেশন সচেতন রয়েছে। ভাড়াটিয়ারা অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিশেষজ্ঞদের মতে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় আয় না বাড়লেও ব্যয় বাড়ার চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজধানীতে বসবাস আরো কঠিন হয়ে উঠবে।