নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রোজা মণি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজা মণি ওই গ্রামের আলামিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মণি পুকুরের ঘাটে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর সেখানে তাকে দেখতে না পেয়ে উপস্থিত লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। শিশুটি পুকুরের পানিতে ডুবেই মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।