খুলনা

আনারকলি চাষে বাজিমাত, ভালো লাভের আশা কৃষি উদ্যোক্তা মিজানুরের

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বপ্নবাজ তরুণ কৃষি উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান। প্রচলিত ফসলের বাইরে নতুন নতুন ফল ও ফুল চাষ করে এলাকার কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি। এক-দুই বিঘা নয়, ২৭ বিঘা জমিতে চাষ করেছেন নানা প্রকারের ফুল ও ফল। সময়ের চাহিদায় কৃষিতে বিপ্লব ঘটাতে নতুনত্বের খোঁজে সর্বদা উদগ্রীব থাকেন এই কৃষি উদ্যোক্তা। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারকলি ফলের চাষ করে সাড়া ফেলেছেন তিনি। বিদেশি ফল আনারকলি (যা প্যাশন ফ্রুট নামেও পরিচিত) চাষে তরুণ ও শৌখিন এই উদ্যোক্তা ইতোমধ্যে অভাবনীয় সফলতা পেয়েছেন।

নিজ উপজেলা তথা ঝিনাইদহ জেলার কৃষিক্ষেত্রে অবদান রেখে চলা মিজানুর রহমান উপজেলার চাঁদবা গ্রামের মৃত খন্দকার তবিবুর রহমানের ছেলে। ২০২৩ সালের দিকে মাত্র চারটি চারা দিয়ে পরীক্ষামূলকভাবে আনারকলি চাষ শুরু করেছিলেন তিনি। সে সময় ফলটির বাণিজ্যিক দিকটিকে ততটা গুরুত্ব না দিলেও পরবর্তী সময়ে ফলন ও সম্ভাবনা দেখে ২০২৫ সালে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। তখন তিনি ১৩০টি আনারকলি চারা রোপণ করেন। বর্তমানে তাঁর এক বিঘা জমিতে আনারকলি ফলের বাগান রয়েছে, যেখানে প্রতিটি মাচায় থোকায় থোকায় কাঁচা-পাকা ও ছোট-বড় আনারকলি ফল ঝুলছে।

সরেজমিনে দেখা যায়, এক বিঘা জমিতে মাচা তৈরি করে লাগানো হয়েছে আনারকলি ফলের গাছ। লতানো গাছের মাচায় ঝুলছে অসংখ্য সবুজ ফল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফলপ্রেমী ও উদ্যোক্তারা তাঁর বাগানে আসছেন। মিজানুর রহমানও আগ্রহ নিয়ে দর্শনার্থীদের ফলের স্বাদ দিচ্ছেন এবং চাষাবাদের পদ্ধতি ও ফলের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন। আগ্রহীদের জন্য তিনি নিজেই চারা উৎপাদন করছেন; ইতোমধ্যে অনেকেই তাঁর কাছ থেকে চারা সংগ্রহ করেছেন।

মিজানুর রহমানের দেওয়া তথ্যমতে, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ—এই তিন মাস ছাড়া বছরের বাকি নয় মাসই বাগানে আনারকলি ফল পাওয়া যায়। চলতি মৌসুমে এই ফল বিক্রি করে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। আকারভেদে প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা দরে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে তাঁর উৎপাদিত আনারকলি বিক্রি হচ্ছে। এমনকি তাঁর বাগানের আনারকলি চীনেও রপ্তানি হয়েছে। ভবিষ্যতে এই ফলের চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর।

শুধু আনারকলি ফলই নয়, বিভিন্ন ধরনের ফল ও ফুল চাষে নিজেকে সম্পৃক্ত করেছেন মিজানুর রহমান। বর্তমানে প্রায় ২৭ বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন বহুমুখী কৃষি খামার। কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান জানান, বর্তমানে আনারকলি ফলটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এলাকার উর্বর মাটিতে এই ফল চাষ করে কৃষকেরা সহজেই লাভবান হতে পারবেন। উৎপাদন খরচ কম হওয়া এবং বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভবিষ্যতে আনারকলি চাষে কৃষকেরা ব্যাপকভাবে আগ্রহী হবেন বলে তিনি মনে করেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, "এই ফল চাষ বেশ লাভজনক। পর্যটন এলাকাগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের মতো অন্যরাও যদি এই ফল চাষাবাদ করতে চান, সে ক্ষেত্রে কৃষি অফিসের পক্ষ থেকে তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।"

ব্যাংকের চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার এই যাত্রায় মিজানুর রহমান দেখিয়েছেন—সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও নতুন কিছু করার আগ্রহ থাকলে কৃষিতেও লাভজনক কর্মসংস্থান তৈরি করা সম্ভব। তাঁর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের নতুন জাতের ফল ও ফুল চাষে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


সম্পর্কিত খবর