ঢাকা

৯ মাস আগে বিয়ে, ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ শিক্ষকের

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছর জেলায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার মোশাররফ মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানান, প্রায় নয় মাস আগে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। মাসখানেক আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে তিন দিন আগে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হন তিনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে হঠাৎ তাঁর জ্বর বেড়ে যায় এবং খিঁচুনি শুরু হয়। এ সময় চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার রাত ১০টার দিকে খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন। তাঁদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

তরুণ এই কলেজশিক্ষকের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 


সম্পর্কিত খবর