ব্রেন্টফোর্ডের বিপক্ষে দারুণ শুরুর পর পুরো ম্যাচ জুড়েই আক্রমণে প্রাধান্য ধরে রেখেছিল আর্সেনাল। দু’দলের ব্যবধান ন্যূনতম থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ফল নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত জয়ের পথেই ফিরেছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
শুরুতে দলকে এগিয়ে দেন মিকেল মেরিনো। পরে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে গত এপ্রিলে ঘরের মাঠে এগিয়ে থেকেও পয়েন্ট হারাতে হয়েছিল আর্সেনালকে। এবার সেই হতাশার পুনরাবৃত্তি হতে দিল না আর্তেতার শিষ্যরা।
১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। ৫ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে তিন দলের সমান ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান ব্রেন্টফোর্ডের।
অন্য ম্যাচে আবারও পথ হারিয়েছে লিভারপুল।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের শঙ্কায়ও পড়েছিল আর্না স্লটের দল। শেষ পর্যন্ত কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা।
অ্যানফিল্ডে বুধবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গোলশূন্য প্রথমার্ধের পর সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন তালবি। পরে নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে লিভারপুল।