‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মো. হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আলম।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ইকবালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সোনালী সকাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেন, শামীম, রেজাউল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালনার ওপর তারা জোর দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।