চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে আইনশৃঙ্খলা সভায় এমপি সাচিং প্রু জেরির উপস্থিতি, স্বাস্থ্য-পরিবেশ রক্ষায় উদ্যোগের সিদ্ধান্ত

বান্দরবানের আলীকদম উপজেলায় সরকারি কর্মকর্তা, হেডম্যান-কার্বারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আলীকদম সেনাজোনের প্রতিনিধি এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও দুর্গম এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কুরুকপাতা ইউনিয়নে সম্প্রতি হামের প্রাদুর্ভাবের বিষয়টি গুরুত্ব পায়।

 

আলোচনার পর কুরুকপাতায় হামের চিকিৎসা কার্যক্রম জোরদারে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। দুর্গম এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সপ্তাহে সাত দিন চিকিৎসক পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

 

কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য দুই একর জমি দানের বিষয়টি সভায় জানানো হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড প্রদান কার্যক্রম শুরুর কথা বলা হয়।

 

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও জোর দেওয়া হয়। মাতামুহুরী, বাঁকখালী ও সাঙ্গু নদীর স্বাভাবিক স্রোতধারা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বনভূমি রক্ষা, পাহাড়ি ঝিরির পানি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে পাথর, বালু ও গাছ কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়।

 

হেডম্যান ও কার্বারিদের জুম চাষে পরিবেশগত সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়। বক্তারা পাহাড়ি ঝিরির পানি ধরে রাখা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণকে ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, “অর্থনীতি, পানি ও পর্যটন খাত এগিয়ে নিতে ১৪টি জাতিসত্তাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা এক পিতার এক ভাইয়ের মতো মিলেমিশে থাকতে চাই। সকলকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “সব সমস্যা একদিনে সমাধান হবে না। যেটা আগে প্রয়োজন, সেটাকেই অগ্রাধিকার দেওয়া হবে।”

 

পরিবেশ রক্ষায় নদী ও ঝিরি-খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন।”

 

অংশগ্রহণকারীরা মনে করেন, দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি।



সম্পর্কিত খবর