চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবাসহ আটক দুইজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবু তাহের (৩৫), পিতা বোরহান উদ্দিন এবং হাসান মিয়া (২৭), পিতা হযরত আলী। তাঁরা আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের প্যান্টের পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে বিষয়টি ইউএনওকে জানানো হয়।

খবর পেয়ে ইউএনও আলীকদম থানার নৈশকালীন মোবাইল-৬ ডিউটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবনের অপরাধে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।

এ ঘটনার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মামলা নম্বর—৫৪/২০২৬, তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬।

সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী ও দুর্গম এ উপজেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে মাদকের বিস্তার রোধে তা ইতিবাচক ভূমিকা রাখবে।



সম্পর্কিত খবর