বান্দরবানের আলীকদমে দুর্গম মদক সীমান্তে ডায়রিয়ায় আক্রান্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি (নং-১৬/২০২৬, ২০ সেপ্টেম্বর ২০২৬) সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৬টায় মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মারমা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ছাড়া আরও ১০-১৫ জন আক্রান্ত রয়েছেন।
সংবাদ পাওয়ার পরপরই মদক বিওপির টহল দল ও মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ঘটনাস্থলে যান এবং আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল টিম পাঠানো হয়।
পরে ২০ সেপ্টেম্বর (রবিবার) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে আক্রান্ত ও হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ, চিকিৎসা পরামর্শ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি "অপারেশন উত্তরণ"-এর আওতায় মানবিক সহায়তা দিয়ে পাহাড়ি-বাঙালি প্রীতি ও সম্প্রীতি সুদৃঢ় করছে। স্থানীয় পাড়াকারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।