চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বান্দরবানের আলীকদমে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।  

 

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। আয়োজনে সহযোগিতা করে আলীকদম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর।  

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ।  

 

সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির সঠিক ব্যবহার, আধুনিক বিজ্ঞানভিত্তিক উন্নয়ন এবং গ্রামীণ এলাকায় লাগসই প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।  

 

সেমিনারের পাশাপাশি হলরুমে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও লাগসই প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা আগ্রহ নিয়ে বিভিন্ন উদ্ভাবন দেখেন। আয়োজক সূত্র জানায়, প্রদর্শনীটি রবিবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।  

 

উদ্বোধনী দিনে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন।



সম্পর্কিত খবর