চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে দুর্গম পাহাড়ে ৫৭ বিজিবির মানবিক উদ্যোগ: শিক্ষা ও চিকিৎসায় সহায়তা

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলার দুর্গম এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তা দেওয়া হয়েছে।

জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় কচুরছড়া জবিরাম কারবারি পাড়া স্কুলে সিমেন্ট প্রদান করা হয়। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার সুবিধার্থে স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় অসহায় কৃষকদের স্বাবলম্বী করতে এবং কৃষিভিত্তিক জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে একটি অসহায় পরিবারের উপার্জনের পথ তৈরিতে সেলাই মেশিন এবং এক বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করছে। আলীকদমের দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রয়োজনে পাশে দাঁড়াতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।



সম্পর্কিত খবর