বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বিশেষ অভিযানে ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাদাঝিরি নৌকাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আলীকদম থানার এসআই নিশাত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এবং পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের (৫৮ বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে চংলক ম্রো (২২) নামের এক তরুণকে আটক করা হয়। পরে সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পরনের কালো হাফপ্যান্টের ডান পকেট থেকে ১১৬ গ্রাম ওজনের ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই নিশাত বড়ুয়া জব্দতালিকা প্রস্তুত করে আলামত জব্দ করেন।
আটক চংলক ম্রো কুরুকপাতা ইউনিয়নের মেনতাম পাড়ার মেনথন ম্রো ও দিন ম্রোর ছেলে।
পরে উদ্ধার করা আলামত ও আসামিসহ থানায় এসে এসআই নিশাত বড়ুয়া লিখিত এজাহার দাখিল করেন। এর ভিত্তিতে আলীকদম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ০৩, তারিখ: ১৩ আগস্ট ২০২৬) রুজু করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি মিয়ানমার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে আলীকদমে খুচরা বিক্রির জন্য এনেছিলেন।