চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ নন্দী তঞ্চঙ্গ্যা (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ শনিবার, ২৫ এপ্রিল সকালে উপজেলার সদর ইউনিয়নের ভারত মোহন পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মো. হারুন, এসআই আব্দুস ছালাম ও এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নারী পুলিশ সদস্যের সহায়তায় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভারত মোহন পাড়ায় অভিযান চালায়। এ সময় নন্দী তঞ্চঙ্গ্যার বসতঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত নন্দী তঞ্চঙ্গ্যা (২৫) ওই এলাকার জানিপু তঞ্চঙ্গ্যার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে মাদক মজুত রেখে বিক্রি করে আসছিলেন।

 

গ্রেপ্তারকৃত নারী ও উদ্ধারকৃত গাঁজা বর্তমানে আলীকদম থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আলীকদম থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর