চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে বিদেশি মদসহ তিন পর্যটক আটক: মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা

আলীকদম-থানচি সড়কের ২৬ কিলো এলাকায় স্থাপিত যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে বিদেশি মদসহ তিন পর্যটককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে থানচি থেকে আলীকদমগামী একটি পর্যটকবাহী পরিবহন ২৬ কিলো সেনা-পুলিশ যৌথ চেকপোস্টে থামানো হয়। দায়িত্বরত সদস্যগণ নিয়মমাফিক তল্লাশি চালিয়ে তিন পর্যটকের ব্যাগ থেকে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার একটি বিদেশি মদের বোতল জব্দ করেন।

 

জব্দকৃত মদ রাখার বৈধ কোনো অনুমতি বা কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করে আলীকদম থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলেন:

 

১. মাহাদী ইসলাম (২৩), পিতা- এ এইচ এম ফাহাদ, ঠিকানা- ধানমন্ডি, ঢাকা। 

 

২. আরাফাত ইসলাম (২৫), পিতা- আবুল কাসেম, ঠিকানা- উত্তর মধুপুর, ফেনী সদর, ফেনী। 

 

৩. মোঃ হোসেন (২৫), পিতা- মৃত মোহাম্মদ ইকবাল হোসেন, ঠিকানা- পশ্চিম দেওভোগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

 

একই দিন বিকেলে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারার বিধান লঙ্ঘন করায় প্রত্যেক আসামিকে ৫০ (পঞ্চাশ) টাকা জরিমানা ও ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত তিন পর্যটক বর্তমানে আলীকদম থানা হাজতে আটক রয়েছেন। আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



সম্পর্কিত খবর