বান্দরবানের আলীকদম উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা।
শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজসেবক সাংবাদিক মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ইয়ংলক ম্রো, উপদেষ্টা ও আলীকদম কলেজের শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আহমেদ এবং বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রানা। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করতে শুধু প্রশিক্ষণই যথেষ্ট নয়, তাদের প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করতে হবে। এই উদ্দেশ্য সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ট্রেডের ওপর প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বান্দরবান জেলার আলীকদমসহ মোট পাঁচটি উপজেলায় এই কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যদি সেলাই মেশিনগুলো সঠিকভাবে ব্যবহার করেন, তবে ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। ফলে তারা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও অবদান রাখতে পারবেন।
মো. সোহেল রানা উল্লেখ করেন, এর আগেও বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তাসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সেলাই মেশিন পাওয়া শিক্ষার্থী চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, তারা বিভিন্ন কলেজে লেখাপড়া করছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় পড়াশোনার প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়ে।
তারা আরও জানান, সেলাই মেশিনের মাধ্যমে পোশাক তৈরি করে আয়ের সুযোগ সৃষ্টি হবে। সেই আয় দিয়ে নিজেদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। এরপর বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয়।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নারীরা নিয়মিত আয়ের পথ তৈরি করবেন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবেন বলেই আয়োজকদের প্রত্যাশা।