বৃষ্টিপাত বাড়ায় উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (২২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে। পাউবো জানিয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, খোয়াই ও ধলাই নদীরমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে।
উক্ত নদীসমূহের পানির সমতল আগামী এক দিন বৃদ্ধি ও পরবর্তী দুই দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় খোয়াই নদী হবিগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতলও বৃদ্ধি পেয়েছে, যা আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিন স্থিতিশীল থাকতে পারে।
তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অপরদিকে গঙ্গা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে এবং পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানির সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।
পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উক্ত নদীসমূহের পানির সমতল আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।