ঢাকা

ডুয়েটে ৩৫ গবেষণা প্রকল্পে বরাদ্দ ঘোষণা, প্রকাশিত হলো ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৫টি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও অর্জন তুলে ধরে ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের উদ্যোগে আয়োজিত রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।

অনুষ্ঠানে প্রকাশিত ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ বইটিতে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন গবেষণা প্রকল্পগুলোর সারসংক্ষেপ এবং শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের তালিকা সংকলন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষাদানের পাশাপাশি গবেষণানির্ভর জ্ঞানচর্চা, প্রযুক্তির উদ্ভাবন এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধানে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও আন্তর্জাতিক অবস্থান নির্ধারণে মানসম্মত গবেষণা, গবেষণাপত্র প্রকাশনা ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ডুয়েটের গবেষণা কার্যক্রমকে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান করতে শিক্ষক-গবেষকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। গবেষণার ফলাফল যেন দেশীয় প্রযুক্তির বিকাশ, শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধান এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

উপাচার্য আরও বলেন, গবেষণার উৎকর্ষের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, আধুনিক গবেষণাগার, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা। তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা, আন্তবিভাগীয় গবেষণার সুযোগ বাড়ানো এবং গবেষণালব্ধ ফলাফল বাস্তব প্রয়োগে নিয়ে আসতে হবে। একই সঙ্গে বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন, অর্থের সুষ্ঠু ব্যবহার ও মানসম্মত ফলাফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গবেষণায় আর্থিক বরাদ্দের পাশাপাশি এর যথাযথ ব্যবহার, মানসম্মত ফলাফল অর্জন এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি। মঞ্জুর করা প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালকদের জন্য প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত নির্দেশিকা নিয়ে একটি উপস্থাপনা দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, বরাদ্দ পাওয়া গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহযোগী পরিচালকরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর