দেশের খবর

এশিয়ার বাতাসে স্বাস্থ্যঝুঁকি

বর্তমানে বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের প্রভাব সবচেয়ে বেশি। এতে কোটি কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। দূষিত পরিবেশ ও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। রাজধানী ঢাকাসহ অধিকাংশ বড় শহরে বছরের বেশিরভাগ সময় বাতাসের মান থাকে অস্বাস্থ্যকর।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার ৫ম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৭১। এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

 

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ৩৩৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। ২৭০ স্কোর নিয়ে লাহোরের পরই দূষণে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ২০১। চারে থাকা করাচির স্কোর ১৭৪। প্রতিবেশী দেশগুলোর এ চারটি শহরের পরই দূষিত শহরের তালিকায় জায়গা পেয়েছে ঢাকা। এরপর দূষিত শহরগুলোর তালিকায় যথাক্রমে রয়েছে চীনের বেইজিং (১৬৪), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৮), উগান্ডার কাম্পালা (১৫২), মিশরের কায়রো (১৪৯) ও চীনের চেংদু (১৩৪) শীর্ষ দশটি দূষিত শহরের তালিকায় রয়েছে। বিপরীতে আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড ২ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস, শিকাগো, ডেট্রয়েট শহরগুলোর অবস্থান। এছাড়া টোকিও, মস্কো, এথেন্স, কিয়েভ, স্টকহোম, সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন শহরগুলোর বাতাসের মান খুব ভালো অবস্থায় রয়েছে।



সম্পর্কিত খবর